
নিউজ ডেস্কঃ হাটহাজারী থানার মদুনঘাট এলাকায় বিভিন্ন পরিবহন থামিয়ে চাঁদা আদায়ের সময় ৪ জনকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১৭ হাজার ১৫০ টাকা ও ১২টি চাঁদা আদায়ের হিসাব বই জব্দ করা হয়। শনিবার (১০ জুলাই) বিকেলে এ তথ্য জানান র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার।
আটককৃতরা হলেন, মো. আলমগীর (৩৫), শ্রীকান্ত ঘোষ প্রকাশ রাসেদ ঘোষ (৩৯), মো. হাসান (৩৫) ও সুমন দাস (৪০)। মো. নুরুল আবছার জানান, মদুনঘাট এলাকায় কয়েকজন চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক অবৈধভাবে চাঁদা আদায় করছে। শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে চাঁদা আদায়ের কথা স্বীকার করেন। তিনি আরও বলেন, তাদের দেহ তল্লাশি করে চাঁদা আদায়ের নগদ ১৭ হাজার ১৫০ টাকা এবং ১২টি চাঁদা আদায়ের হিসাব বই জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।