
নিউজ ডেস্কঃ রাজধানীর মিরপুরে একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগের থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ সাতজন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া নিশ্চিত করেন। তিনি জানান, বুধবার (২৫ আগস্ট) দিনবাগত রাত ১২টার দিকে মিরপুর-১১ নম্বর সেকশনের সি ব্লকে একটি বাসায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দগ্ধ ৭ জনকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ সাতজন হচ্ছে- বাড়ির মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০), ভাই শফিকুল ইসলাম (৩৫) ছোট বোন রিনা বেগম (৫০) বাসার নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) তার মেয়ে নওশীন (৫) পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন (৩০)
দগ্ধ রওশন আরার ছেলে রফিকুল ইসলাম জানান, তাদের নিজেদের বাড়ি। বাড়ির নিচতলায় তিতাস গ্যাসের লাইন লিকেজ ছিল, দুইদিন আগে লিকেজ মেরামত করা হয়। কিন্তু আজ রাত ১২টার দিকে হঠাৎ বিকট আওয়াজ করে, আগুন ধরে যায় নিচতলায়। এতে তারা দগ্ধ হয়। পরে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এদিকে পল্লবী থানার উপ পরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দিন জানান, ওই বাসায় কয়েকদিন গ্যাস ছিল না। রাতে হঠাৎ গ্যাসের চাপ বেড়ে যায়। এ সময় বাড়ি লোকজন গ্যাস রাইজার পরিষ্কার করছিল। হঠাৎ করে সেটা বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সাতজন দগ্ধ হয়। পরে ফায়ার সার্ভিস খবর পেয়ে আগুন নিভিয়ে ফেলে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে কামরুল আহসান জানান, মিরপুর-১১, লাইন ৯, বাড়ি নম্বর ২ চারতলা বাড়ির নিচতলায় অগ্নিকাণ্ডের সংবাদে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১১টা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ১২টা ২০ মিনিটে সেটা নির্বাপন করা হয়। তিনি জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের লাইনের জয়েন্টন খুলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন দগ্ধ আছে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এস এম আইয়ুব হোসেন জানান, দগ্ধ সবাইকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।