
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ২৩ জন। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ চার হাজার ৮২৬ জন। শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৭৯১ জনের। ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আট হাজার ৮২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭১টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৯ হাজার ৯০৪টি এবং নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৪৪৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৪০ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫১ শতাংশ। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ২০ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং আট জন মহিলা সদস্য রয়েছেন। মৃত ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ১৩ জন, রাজশাহী বিভাগের দুই জন, খুলনা বিভাগের দুই জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের একজন রয়েছেন। মৃত ২০ জনের মধ্যে ১২ জন সরকারি হাসপাতালে এবং আটজন বেসরকারি হাসপাতালে মারা যান।