
নিউজ ডেস্কঃ বিশেষ অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অনেক সময় বিভ্রান্তকর অপবাদমূলক পরিবেশের শিকার হতে হয়। আর এই পরিবেশ থেকে পুলিশ সদস্যদের রক্ষা করতে দায়িত্বরত কর্মকর্তাদের শরীরে লাগানো হচ্ছে বডি অন ক্যামেরা। বিভ্রান্তকর পরিবেশ এড়াতে অভিযানের সময় সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবেন বলে জানিয়েছে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী।
এর আগে রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার সময় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বডি অন ক্যামেরা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী আরও জানান, পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। অনেক সময় পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়। আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে বিতর্ক কমে যাবে। তাছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।