
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মিলন মিয়া (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। এর আগে শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গাছবাড়ী নামক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিলন রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের আজিজল হকের ছেলে।
আহতরা হলেন- ইটালুকান্দা গ্রামের আজিজল হক (৬০), রিপন মিয়া (৩০) ও রুবেল মিয়া (১৪)। অপর পক্ষের গাছবাড়ি গ্রামের রনজন আলী (২৮) ও রনজন আলীর স্ত্রী সোমা খাতুন (১৮)। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ইটালুকান্দা গ্রামের খায়রুল ইসলামের সঙ্গে গাছবাড়ী গ্রামের আকবর আলী মাস্টার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে শনিবার রাতে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাঁধলে উভয়পক্ষের ছয়জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় মিলনের মৃত্যু হয়। আহতদের মধ্যে আজিজল নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।