
নিউজ ডেস্কঃ ইতোমধ্যে করোনা নিয়ন্ত্রণে ১৭ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে রাজধানীর চারটি হাসপাতালে সরকারি ব্যবস্থাপনায় ডায়ালাইসিস সেবার অধিকতর সম্প্রসারণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা নিয়ন্ত্রণে আমরা ইতোমধ্যে সব মিলে ১৭ কোটির বেশি টিকা দিয়েছি। আমাদের সাড়ে ১১ কোটি ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রার ৮৫ শতাংশ টিকা আমরা দিয়েছি। আমাদের এখনো ১০ কোটি টিকা মজুদ রয়েছে। সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিভিন্ন কারণে অনেকে টিকা গ্রহণ করেননি। সবাই দ্রুত টিকা নিন। করোনায় যারা মারা গেছেন তাদের প্রায় ৮৫ শতাংশ টিকা নেননি। যারা করোনার টিকা নিয়েছেন, তাদের মৃত্যুর সংখ্যা খুবই কম। তাদের সংক্রমণের সংখ্যাও কম, তারা বাড়িতে থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। সুতরাং টিকা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য। সবাই দ্রুত টিকা নিন।