
নিউজ ডেস্কঃ জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, আমি যখনই দৃঢ়ভাবে কোনো বক্তব্য উপস্থাপন করি তখনই আমার সমালোচকরা বলেন, উনি তো বিএনপির সুরে কথা বলেন। মুশকিলটা হচ্ছে, বিএনপির যে কী সুর, এইটা আমি জানি না। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) বিদায়ী সংবাদ সম্মেলনে অংশ না নিয়ে পৃথকভাবে সাংবাদিকদের ডেকে এসব কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে মাহবুব তালুকদার বলেন, ‘আমি যে বিএনপির মুখপাত্র তা জানতে পারলাম মন্ত্রিপরিষদ সচিবের প্রেস ব্রিফিংয়ে। আমি যখনই দৃঢ়ভাবে কোনো বক্তব্য উপস্থাপন করি তখনই আমার বেশ কিছু সমালোচক বলেন, উনি তো বিএনপির সুরে কথা বলেন। খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই কথা বলেছেন। মুশকিলটা হচ্ছে, বিএনপির যে কী সুর, এইটা আমি জানি না। যারা এই ধরনের কথা বলেন, তারা হয়তো বা জানেন। আমি তো জানি না।’