
নিউজ ডেস্কঃ দীর্ঘদিন রেলের কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, করোনার কারণে আটকে আছে অনেকগুলো প্রকল্পও। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপুর রেলস্টেশনে আন্তঃনগর উপকূল এক্সপ্রেসের কাঠামো সংস্কারের পর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার নতন রূপ পেল ঢাকা-নোয়াখালী রুটের আন্ত:নগর উপকূল এক্সপ্রেস। নতুন রেক দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাত্রা শুরু করেছে ট্রেনটি। সংস্কার করে বদলানো হয়েছে কাঠামো। ৭৭২টি আসনের পরিবর্তন এনে করা হয়েছে ৭৮৯টি। এরমধ্যে এসি চেয়ার ৩৪৯টি ও শোভন চেয়ার ৪৪০টি। ট্রেনটির সংস্কারে সন্তুষ্ট যাত্রীরা। যাত্রীরা বলেন, এর আগে দুর্ভোগে ছিলাম। ট্রেন ভালো ছিল না। দেরি করত। এবার দেখতে ভালো লাগছে। ফুল দিয়ে সাজানো উপকূল এক্সপ্রেস সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। পতাকা নাড়িয়ে যাত্রার উদ্বোধন করেন রেলমন্ত্রী। তিনি জানান, বিদেশ থেকে নতুন রেক আনা হলে পুন:স্থাপন করা হবে।