News71.com
 Bangladesh
 16 Feb 22, 12:40 PM
 186           
 0
 16 Feb 22, 12:40 PM

কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যু॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

কিংবদন্তী সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যু॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক

বিনোদন ডেস্কঃ সঙ্গীতের জগতে ফের এক নক্ষত্রপতন হলো। না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ি। মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এ গায়ক ও সুরকার। তার বয়স হয়েছিল ৬৯ বছর। মাত্র ১০ দিনের ব্যবধানে সঙ্গীত জগতের তিন নক্ষত্রপতন হলো। গত ৬ ফেব্রুয়ারি মারা যান সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর মারা যাওয়ার ৯ দিন পর মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মারা যান ভারতের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। তার বয়স হয়েছিল ৯০ বছর। সন্ধ্যাকে হারানোর একদিন পরই এল বাপ্পি লাহিড়ির মৃত্যুর দুঃসংবাদ। সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের জুহুর ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ শিল্পী। তারপর থেকেই শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন তিনি। এ ছাড়া একাধিক রোগে ভুগছিলেন বর্ষীয়ান এ শিল্পী। শারীরিক অসুস্থতা বেড়ে গেলে আবারো তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাপ্পি লাহিড়ি। মধ্যরাতের কিছু আগে ওএসএর (অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া) কারণে তিনি মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ১৯৭০ থেকে ৮০-এর দশকে হিন্দি ছায়াছবির জগতে অন্যতম জনপ্রিয় নাম বাপ্পি লাহিড়ি। ‘ডিস্কো ডান্সার’, ‘চলতে চলতে’, ‘শরাবি’-তে সুর দিয়েছেন। গেয়েছেন একাধিক গান। ২০২০ সালে তার শেষ গান বাগি- ৩ এর জন্য। কিশোর কুমার ছিলেন বাপ্পির সম্পর্কে মামা। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরী লাহিড়ি— দুজনেই সঙ্গীত জগতের মানুষ। ফলে একমাত্র সন্তান বাপ্পি ছেলেবেলা থেকেই গানের প্রতি আকৃষ্ট ছিলেন। মা, বাবার কাছেই পান প্রথম গানের তালিম।

প্রখ্যাত সংগীতশিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক বার্তায় প্রধানমন্ত্রী তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে বিখ্যাত এই সংগীত পরিচালক মারা যান। তার বয়স হয়েছিল ৬৯ বছর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন