
নিউজ ডেস্কঃ বাংলা গানের প্রবাদপ্রতীম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যু উপমহাদেশের সঙ্গীত জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অবদান এদেশের জনগণ চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।রাষ্ট্রপতি সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মঙ্গলবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ৯০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২৬ জানুয়ারি রাতে শৌচাগারে পড়ে গিয়ে আঘাত পান সন্ধ্যা মুখোপাধ্যায়। এরপর বেশ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইসঙ্গে যোগ হয়েছিল শ্বাসকষ্টজনিত সমস্যাও। তার দুটি ফুসফুসেই সংক্রমণ দেখা দেয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। ওই দিনই তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। এর দুই দিন আগে ভারতের কেন্দ্রীয় সরকারের পদ্মশ্রী সম্মান প্রত্যাখ্যান করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।