
নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ সদর হাসপাতালে ‘অস্ত্র’ ধরে জোরপূর্বক দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্রের শিডিউল ছিনতাই হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সদর উপজেলা যুবলীগ সভাপতি এহসানুল হক উজ্জ্বলসহ চারজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ও ৯টা ৪৬ মিনিটে ওই হাসপাতাল করিডোরে পৃথক এ ঘটনাটি ঘটে। ওই হাসপাতাল সূত্র জানা যায়, এদিন সুনামগঞ্জ সদর হাসপাতালে এমএসআর (যন্ত্রপাতি, আসবাবপত্র, ওষুধপত্র) ইত্যাদি কেনার দুই কোটি টাকার কাজের জন্য দরপত্রের শিডিউল জমা দেওয়ার দিন ধার্য ছিল।
সকালে জুয়াইরিয়া ইন্টারন্যাশনাল নামক ঢাকার একটি কোম্পানির প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ওই হাসপাতালে দরপত্রের শিডিউলটি জমা দিতে আসেন। তিনি হাসপাতালের তিনতলার প্রশাসনিক ভবনে ঢোকার আগেই একদল যুবক তার গতিরোধ করে জোরপূর্বক হাতে থাকা দরপত্রের শিডিউল এবং স্যাম্পল ছিনতাই করে নিয়ে যায়। এরপর আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র একই কায়দায় ছিনতাই করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, ‘বর্তমান সরকারের আমলে দরপত্রের শিডিউল ছিনতাই হওয়ার ঘটনা বিরল। তাই এ ঘটনায় তিনি বিস্মিত। তিনি দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান এবং পুনঃটেন্ডারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান।