
নিউজ ডেস্কঃ বাসভাড়া নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটির পর বাসের ধাক্কায় আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী। বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেট এলাকায় এ ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।
অভিযোগপত্রে বলা হয়, গতরাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে মুরাদপুর থেকে দ্রুতযান বাসে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হন তারা। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটে বাস পৌঁছালে নিয়মিত ভাড়ার অতিরিক্ত চাওয়ায় বাসের সহযোগীর সঙ্গে কথা কাটাকাটি হয় শিক্ষার্থীদের। এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরকে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে চালক ও সহযোগী। একজন শিক্ষার্থী বাসের নম্বর শনাক্তের জন্য বাসের সামনে গেলে চালক বাস ছেড়ে দেন। এ সময় বাসের ধাক্কায় শরীরে আঘাত পান চবি ছাত্রী নওরিন আক্তার। এছাড়া আরেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল নাইম বাস থামাতে গেলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে রাস্তার বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে আহত হন তিনি।