
নিউজ ডেস্কঃ ৩০ জুনের মধ্যে ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের গ্রাহকদের পাওনা টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদার। তিনি বলেন, জুনের মধ্যে আমাদের সব টাকা ক্লিন (পরিশোধ) হয়ে যাবে। রমজান ও করোনার জন্য দুই-চার-পাঁচ দিন এদিক-ওদিক হতে পারে। কিন্তু আমাদের লক্ষ্য ৩০ জুনের মধ্যে শতভাগ ক্লিন করা। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়ের কাছে আলেশা মার্টের গ্রাহকের আটকে থাকা টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর অনুষ্ঠানে মঞ্জুরুল আলম শিকদার এ কথা বলেন।
অনুষ্ঠানে এসএসএল কমার্স পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা আলেশা মার্টের ১০ গ্রাহকের ২৮ লাখ ৩৬ হাজার টাকা হস্তান্তর করা হয়। আলেশা মার্টের কাছে ৭ থেকে ৮ হাজার গ্রাহক টাকা পায় উল্লেখ করে আলেশা মার্টের চেয়ারম্যান বলেন, গ্রাহকদের এ টাকা ফেরত দিতে ২৩০ কোটি টাকা ‘ম্যানেজ’ করতে হবে। ২৩০ কোটি টাকা কোনো না কোনোভাবে ম্যানেজ করতে হবে। আশা করছি, খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা এটির সমাধান করে ফেলতে পারবো। আমরা ওভারকাম করবো, এ দেশে ওভারকাম করতেই হবে।