
নিউজ ডেস্কঃ আবারো দুদকের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে এক বা একাধিক প্রতারক চক্র বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মাহবুব হোসেন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দুদক সচিব মাহবুব হোসেন বলেন, এক বা একাধিক প্রতারক চক্র বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের কাছ থেকে বিভিন্ন ভয়-ভীতি প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে এমন বেশকিছু অভিযোগ পেয়েছে কমিশন। এসব অভিযোগ বিশ্লেষণ করলে দেখা যায়, কোনো কোনো প্রতারক কখনও নিজেকে দুদক কর্মকর্তা আবার কোনো কোনো ক্ষেত্রে নিজেকে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আত্মীয় কিংবা পরিচিত অথবা বন্ধু হিসেবে পরিচয় দিয়ে থাকে।
কোনো কোনো ক্ষেত্রে কথিত ব্যক্তিগত সম্পর্কের মাধ্যমে কিছু অনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার কথাও শোনা যায়। এসব প্রতারক বা প্রতারক চক্র সাধারণত কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি, ব্যাংক-বিমায় কর্মরত ব্যক্তিসহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিদের কাছে তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।