
নিউজ ডেস্কঃ একাদশ দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ৬৫৫ জন রোহিঙ্গা। এনিয়ে ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়াল ২২ হাজার ৬০৪ জন। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে নৌবাহিনীর ছয়টি জাহাজে করে রোহিঙ্গারা ভাসানচর পৌঁছান।
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে থাকা অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ১ হাজার ৬৫৫ রোহিঙ্গাকে জাহাজ থেকে নামানোর পর নৌবাহিনীর পন্টুন সংলগ্ন হ্যালিপ্যাডে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে গাড়ির মাধ্যমে নির্ধারিত ক্লাস্টারে নিয়ে যাওয়া হয়। মোয়াজ্জেম হোসেন আরও জানান, ৮৫ জন রোহিঙ্গা কক্সবাজার থেকে বেড়াতে এসেছেন এবং ১৫৫ জন ভাসানচর থেকে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন, তারাও একই জাহাজে ফিরে এসেছেন।