News71.com
 Bangladesh
 18 Feb 22, 02:17 PM
 156           
 0
 18 Feb 22, 02:17 PM

টিকাকেন্দ্রে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা!

টিকাকেন্দ্রে আসা শিক্ষার্থীদের লাঠিপেটা!

নিউজ ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে করোনা ভাইরাসের টিকা নিতে আসা স্কুল-কলেজের শিক্ষার্থীদের লাঠিপেটার ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা শিক্ষার্থীদের লাঠিপেটা করেছেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।  সরেজমিনে ওই টিকাদান কেন্দ্রে হাজির হলে লাঠিপেটার সত্যতা পাওয়া গেছে।  এ ঘটনায় টিকা নিতে না পেরে অনেক শিক্ষার্থীই হতাশ হয়ে বাড়িতে ফিরে গেছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ে ১২ থেকে ১৭ বছর বয়সী ১ লাখ ৬২ হাজার ৮৫৯ জন শিক্ষার্থীকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত বছরের ২৮ ডিসেম্বর জেলায় শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। জেলায় বুধবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৫০২ শিক্ষার্থীকে প্রথম ডোজ ও ৬২ হাজার ৮৮ শিক্ষার্থীকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে বুধবার ৩ হাজার ১শ শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। আজ ওই কেন্দ্রে টিকা নিতে আসা শিক্ষার্থী সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যায়।

সকাল থেকে শিক্ষার্থীরা ঠাকুরগাঁও সদর হাসপাতালের টিকাদান কেন্দ্রে আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের ভিড় বাড়তে শুরু করে। সকাল ১০টার দিকে টিকা দেওয়া শুরু হলে আগে টিকা নিতে শিক্ষার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। একপর্যায়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে আনতে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের নিয়োজিত ১০-১২ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করেন। লাঠিপেটা থেকে বাঁচতে শিক্ষার্থীরা ছুটোছুটি করতে থাকে। অনেকেই পাশের নর্দমায় পড়ে আহত হয়। ওই কেন্দ্রে রেড ক্রিসেন্টের পোশাকধারী আরও ১০-১২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছিলেন। তবে, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা কাউকে লাঠিপেটা করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন