
নিউজ ডেস্কঃমালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি এবং চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছে দেশটিতে সফররত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার (১৬ ফেব্রুয়ারি) মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর সদর দপ্তরে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ)-এর সদর দপ্তরে পৌঁছালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী এবং চিফ অব ডিফেন্স ফোর্সসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা সেনাবাহিনী প্রধানকে অভ্যর্থনা জানান। আইএসপিআর জানায়, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে উভয় দেশের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে চিফ অব ডিফেন্স ফোর্স মেজর জেনারেল আব্দুল্লাহ শামালের সঙ্গে দ্বিপক্ষীয় সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পারস্পারিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা করেন সেনাবাহিনী প্রধান।