
নিউজ ডেস্কঃ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানুষের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। চাল, ডাল, তেল, লবণের দাম নাগালের বাইরে চলে গেছে। আজকে পেয়াজের দাম ১০ টাকা করে বেড়েছে। অর্থাৎ এটা মুনাফাখোরদের একটা স্বর্গরাজ্য হয়েছে। এটা কালোবাজারি লুটেরাদের স্বর্গরাজ্য হয়েছে।শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেন না? বাংলাদেশ এখন একটা পুরোপুরি মাফিয়াদের দেশে পরিণত হয়েছে। এরা গায়ের জোর খাটাবে। সম্পদ লুটে নেবে।
নির্বাচন কমিশন নিয়ে সরকার অস্থির হয়ে গেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কমিশন গঠনের জন্য আইন করেছে। এখন সার্চ কমিটি করেছে। কাদের নিয়ে সার্চ কমিটি করেছে? আমি আগেও বলেছি, যাকে প্রধান করা হয়েছে তিনি বিচারক। ১৯৭০ সালের নির্বাচনে তার বাবা ছিলেন আওয়ামী লীগের এমপি। তিনি নিজে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। তার ছোট ভাই বর্তমান প্রধানমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন। তাহলে নিরপেক্ষ হলো কী করে? ছহুল হোসাইন সাহেবও আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন। যারা সার্চ করবে তারাই তো নিরপেক্ষ নয়। এটাকে জায়েজ করার জন্য সুধী সমাজের লোকদের ডাকা হয়েছে।