
নিউজ ডেস্কঃ সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকায় দ্রুতগামী একটি বাস আরেকটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে বাঁশবাড়িয়া পুরাতন পুলিশ ফাঁড়ি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বদরুদ্দীন বাবলু (৪০) ঢাকার সেনপুর এলাকার জামাল উদ্দীনের ছেলে। তিনি শ্যামলী পরিবহনের সুপারভাইজার।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখি শ্যামলী পরিবহনের বাস তিশা পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে শ্যামলী বাসের দরজার পাশে দাঁড়িয়ে থাকা সুপারভাইজার বদরুদ্দীন বাবলু চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন। বাস দুটি আটক করা হয়েছে। মরদেহ থানায় রয়েছে, ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করার জন্য আবেদন করা হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।