
নিউজ ডেস্কঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজার অদূরে মো. জাহাঙ্গীর আলম (৪৫) নামের সাব-ইন্সপেক্টরের (এসআই) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তাকে উদ্ধার করা হয়। হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক বলেন, নিহত এসআই মো. জাহাঙ্গীর আলম(৪৫) শেরপুর জেলার বাসিন্দা। শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তা ডিউটি ছিল তার। তবে টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় সে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এমন খবর পেয়ে সেখানে গিয়ে উদ্ধার করে গৌরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, সুরতহাল করে ধারণা করছি, রাস্তা পারাপারের সময় কোন গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এ নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন। কোন গাড়ি তাকে চাপা দিয়েছে তা বের করার চেষ্টা করছি।