
নিউজ ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় চাঁদা না পেয়ে মো. গোলাম মোস্তফা (৩২) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। পরে তারা দোকানের মালামাল লুট করে নিয়ে যায়। শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে নিহত মোস্তফার খালাতো ভাই শেখ মোস্তাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) আফ্রিকার স্থানীয় সময় রাত ৮টার দিকে এ হত্যার ঘটনা ঘটে। গোলাম মোস্তফা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জয়নাল আবদিন মেম্বারের ছোট ছেলে।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টার দিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। তার স্ত্রী ও দুই ছেলে রয়েছে।মোস্তফার বড় ভাই কিরন জানান, দীর্ঘদিন থেকে তার ছোট ভাই দক্ষিণ আফ্রিকার থাবানচু এলাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে তার সঙ্গে সবশেষ মোবাইল ফোনে কথা হয়। এরপর শুক্রবার রাত ১টার সময় খবর আসে স্থানীয় একদল সশস্ত্র সন্ত্রাসী ওই ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে।