
নিউজ ডেস্কঃ লালফিতার দৌরাত্ম্য বড় বেশি হওয়ায় আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রংপুর আডডিআরএস এ জাতীয় উন্নয়নে অঙ্গীকার শিক্ষা, শোভন কর্মসংস্থান ও জেন্ডার সমতা বিষয়ক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় রংপুর পিছিয়ে রয়েছে। বড় বড় ব্যবসায়ীরা এ অঞ্চলে বিনিয়োগ করতে চান না।
তারা তাদের পরিবহন খরচসহ অনেক বিষয়ে হিসেব করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় মালামাল পরিবহনে যতটা ব্যয় হয় তার চেয়ে বেশি ব্যয় হবে চট্টগ্রাম থেকে রংপুরে আনতে। এ অঞ্চলে শ্রমিকের সহজলভ্যতা থাকলেও নানা কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনা। তবুও প্রধানমন্ত্রী কৃষি নির্ভর এ অঞ্চলের উন্নয়নে চেষ্টা করে চলেছেন। দেশে উৎপাদিত আখ দিয়ে চিনিকল চালানো সম্ভব নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, এতে লোকসান হবে। শ্রমিকরা বেকার হয়ে আছেন। এই শ্রমিকদের প্রাধান্য দিয়ে বড় বড় ব্যবসায়ীদের দিয়ে লাভজনক কোনো প্রতিষ্ঠান তৈরির পরিকল্পনা নিতে হবে। আমার কাছে জার্মানির এক ব্যবসায়ী প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু লালফিতার দৌরাত্ম্য বড় বেশি। আমি নিজেও কিছুটা কাবু হয়ে গেছি।