
নিউজ ডেস্কঃ উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে স্কাউট সদস্যরা দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটসের আয়োজনে বিপি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, আমাদের সরকার জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে মানসম্মত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও সংস্কৃতিমনস্ক তরুণ প্রজন্ম গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রম জোরদার করেছে এবং স্কাউটিং ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সহশিক্ষা কার্যক্রম হিসেবে স্বীকৃতি হয়েছে।
তিনি বলেন, স্কাউট সদস্যদের উন্নয়নমূলক কাজ এবং বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখছে। আমাদের সরকার স্কাউটিং কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে সহযোগিতা করে যাচ্ছে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জ্বীবিত করতে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে স্কাউট সদস্যরা আত্মপ্রত্যয়ী হয়ে দেশ গঠনে আরও ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।