
নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে মানুষের চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রায় দেড় মাস পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) থেকে তুলে নিচ্ছে সরকার। এ দিন থেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। তবে যে শিক্ষার্থীরা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে তারাই কেবল শ্রেণিকক্ষে ক্লাস করতে পারবে। বিধিনিষেধ তুলে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও করোনা সংক্রমণ রোধে ঘরের বাইরে গেলে সর্বাবস্থায় মাস্ক পরতে গুরুত্বারোপ করা হবে। চলতি বছরের শুরুর দিকে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১১ দফা দিয়ে ১৩ জানুয়ারি থেকে সরকারি বিধিনিষেধ শুরু হয়। সেই বিধিনিষেধ বাড়ানো হয় ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিধিনিষেধগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল-হোটেল-রেস্তোরাঁয় টিকা সনদ নিয়ে খাবার গ্রহণ, গণপরিবহনের চালক-সহকারীদের টিকা সনদ প্রদর্শন, সভা-সমাবেশ বন্ধ ইত্যাদি। আর সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ২১ জানুয়ারি থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। টানা এক মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) খুলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলবে ২ মার্চ। কিন্তু প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য এখনই খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠানের দুয়ার।