
নিউজ ডেস্কঃ রংপুরের পীরগাছায় ভাইয়ের কথামতো তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ভাইকে কুপিয়ে হত্যা করে স্ত্রীকেও কুপিয়েছে মিজান নামে এক যুবক। পরে শ্বশুরবাড়িতে আগুন দিয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সোমবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার কৈকুড়ি ইউনিয়নের মকরমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রোকনুজ্জামান রোকন (৪২) ওই গ্রামের তয়েজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত রোকনের বোন সুমি খাতুনকে সাত বছর আগে প্রেম করে বিয়ে করেন একই ইউনিয়নের সুবিদ গ্রামের দুদু মিয়ার ছেলে মিজান। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু প্রথম থেকেই এ বিয়ে মেনে নিতে পারেনি সুমির ভাই রোকন। একপর্যায়ে তিন বছর আগে মিজানকে তালাক দিতে বোনকে বাধ্য করেন তিনি। এরপরও সুমিকে ফিরিয়ে আনতে বারবার চেষ্টা চালান মিজান। এতে বাধা দেন সুমির ভাই রোকন। এ ঘটনায় রোকনের প্রতি ক্ষোভ সৃষ্টি হয় মিজানের।