
নিউজ ডেস্কঃ বেদে সম্প্রদায়ের বিলুপ্ত ‘ঠার’ ভাষা নিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের গ্রন্থ ‘ঠার' প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কামাল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে বইটির ভাবনা ও প্রস্তাবনা তুলে ধরেন বইয়ের লেখক হাবিবুর রহমান। এসময় ডিআইজি হাবিবুর রহমান বলেন, গ্রন্থটিতে দেশের বেদে জনগোষ্ঠীর ভাষার উদ্ভব আলোচনা, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নির্ণয় ও বিশ্লেষণের চেষ্টা করা হয়েছে। যেন বিপন্নপ্রায় এই জাতির বিলুপ্ত প্রায় ভাষাটি সম্পর্কে একটি স্বচ্ছ ও যৌক্তিক ধারণা লাভ করা যায়।