
নিউজ ডেস্কঃ সরকারের লাগমহীন লুটপাটের কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে জনগণের সঙ্গে বেঈমানি করেছে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা মাথায় হিজাব পড়ে, হাতে তসবি নিয়ে বলেছিলেন দশ টাকা কেজিতে চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন, বিনা পয়সায় সার দেবেন। কিন্তু তারা কিছুই দেয়নি। এটাই হচ্ছে আওয়ামী লীগ।
তিনি বলেন, দেশে ৪২টি টিভি চ্যানেল আছে, পত্রিকা অনেক, কিন্তু লেখার স্বাধীনতা নেই। অথচ সংবিধান আমাকে এই অধিকার দিয়েছে। কিন্তু শেখ হাসিনা তা লঙ্ঘন করে দেশের জনগণকে ক্রীতদাস করে রেখেছেন। মানুষের মুখে হাসি নেই, কৃষকের পাট-ধানের মূল্য নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেরা বড়লোক হওয়ার জন্য দুর্নীতি করছে। তারা দুর্নীতির টাকায় পকেট ভারী করে বিদেশে পাচার করছে। শেয়ার মার্কেটের কোটি কোটি টাকা লুটপাট হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগের লাগামহীন দুর্নীতির পরও মন্ত্রী বহাল তবিয়তে রয়ে গেছেন। শিক্ষামন্ত্রীর স্বজনরা ভূমি অধিগ্রহণের কাজে ৩৬৫ কোটি টাকা লুট করেছেন। বিশ্ববিদ্যালয়গুলো দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। ধ্বংস হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা।