
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কোনো অশুভ শক্তি বাজার, রাস্তাসহ বিভিন্ন স্থানে কৃষক, পাইকার, ফরিয়াদের হয়রানি করছে, নানান ভাবে তাদের চাপ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নিতে হবে। সামাজিক এই সমস্যাগুলোকে আমাদের কঠোর হাতে দমন করতে হবে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনিস্টিটিউডে আয়োজিত জাতীয় সবজি মেলার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। আব্দুর রাজ্জাক তিনি বলেন, চড়া সবজির বাজার নিয়ন্ত্রণে আনার জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, আমরা এই বিষয়ে পদক্ষেপ নেবো। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীসহ সবজি বাজার সংশ্লিষ্ট সবাইকে তৎপর হয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে।
মন্ত্রী বলেন, দরিদ্র, নিম্ন আয়, সীমিত আয়ের মানুষের সীমিত আয় দিয়ে যেন সবজি কিনে খেতে পারে সে নিশ্চিতে আমরা কাজ করবো। তবে চাষি যদি সবজি উৎপন্ন করে লাভ করতে বা সঠিক দাম না পায় তাহলে সেই চাষি সবজি চাষের আগ্রহ হারিয়ে ফেলবে। বৃষ্টির কারণে সবজি ভালোভাবে উৎপাদন হয়নি তাই চড়া দাম ছিল। তবে আমরা বিশ্বাস করি আমাদের যে জাতগুলো আছে এগুলো সঠিকভাবে উৎপাদন করতে পারলে দেশে সবজির কোনো ঘাটতি হবে না। সেই সঙ্গে দাম আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। সার্বিক কৃষিকে আমরা আরও ওপরের দিকে নিয়ে যেতে চাই। সবজি উৎপাদনে আমরা তৃতীয় স্থানে আছি। চীন ও ভারতের পরেই আমাদের সবজির উৎপাদন অবস্থান।