
নিউজ ডেস্কঃ করোনা মহামারির কারণে বন্ধ হয়ে যাওয়ার দীর্ঘ দু’বছর পর কুড়িগ্রাম অঞ্চলের মানুষের জন্য স্বল্প মূল্যের টিকিটে নিয়মিত যাতায়াতের জন্য কুড়িগ্রাম-রমনা রেলপথে চলাচলের ট্রেনটি যাত্রা শুরু করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার (১ মার্চ) সকালে চিলমারীর রমনা রেল স্টেশন থেকে নতুন করে রমনা কমিউটার নামে ট্রেনটি রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ে লালমানিরহাট ডিভিশন সূত্র।
দু’বছর আগে ভয়াবহ করোনা ভাইরাসের প্রকোপের কবলে ২০২০ সালের মার্চ মাস থেকে সারাদেশের মতো রমনা-পার্বতীপুর এ রুটে চলাচলকারী একমাত্র ট্রেনটি বন্ধ হয়ে যায়। রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া হয়ে পার্বতীপুর রেলপথে দীর্ঘদিন ধরে চলাচলকারী একমাত্র রমনা লোকাল ট্রেনটি এ অঞ্চলের মানুষের জন্য স্বল্প মূল্যের টিকিটে নিয়মিত চলাচলের বাহন হিসেবে যাতায়াত করতো। কিন্তু করোনা মহামারির প্রকোপ কমলে দেশের সব রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও নানা কারণে এ রেলপথে দীর্ঘ দু’বছর ট্রেন চলাচল বন্ধ রাখে রেলওয়ে কর্তৃপক্ষ।