
নিউজ ডেস্কঃ চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ বলেছেন, জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের বাইরের জেলেরাও পদ্মা-মেঘনায় ঢুকতে পারবে না। আমরা এ বিষয়ে এরই মধ্যে মুন্সিগঞ্জ প্রশাসনের সঙ্গে কথা বলেছি, তারা যেন এখানে এসে জাটকা না ধরে সে জন্য অনুরোধ জানিয়েছি। তিনি বলেন, একই সঙ্গে আমাদের নৌ সীমানার ৭০ কিলোমিটার নৌ-বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, জেলা প্রশাসন, মৎস্য বিভাগ নিয়মিত পাহারা দেবে। যাতে জেলা ও বাইরের জেলেরা এসে জাটকা ধরতে না পারে। মঙ্গলবার (১ মার্চ) বেলা ১১টায় চাঁদপুর শহরের বড় স্টেশন মোলহেডে জেলা টাস্কফোর্সের আয়োজনে মেঘনা নদীতে যৌথ অভিযানের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অঞ্জনা খান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ এবং জাতীয় সম্পদ। এটি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আগামী দুই মাস জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সবাইকে নিয়ে জাটকা রক্ষা করব। যেসব জেলে এ সময় জাটকা ধরা থেকে বিরত থাকবেন তাদেরকে ৪ মাস সরকারের পক্ষ থেকে আসা ৪০ কেজি করে বিএজফ চাল খাদ্য সহায়তা হিসেবে পৌঁছে দেওয়া হবে। আমরা চাই না জেলেরা কষ্টে থাকুক। তাদেরকে ভাল থাকার জন্য এই কয় মাস যাদের ঋণ আছে, তাদের কিস্তিগুলো বন্ধ রাখার জন্য বলা হয়েছে।