
নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০২১ পেশ করতে গেলে তিনি এ নির্দেশনা দেন।।মঙ্গলবার রাতে বঙ্গভবন প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে উল্লেখ করা, সাক্ষাৎকালে পিএসসি চেয়ারম্যান বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কমিশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করেন। রাষ্ট্রপতি বাছাই পরীক্ষা বিকেন্দ্রীকরণ এবং করোনাকালে চিকিৎসকসহ জরুরি প্রয়োজনে স্বল্প সময়ে নিয়োগের সুপারিশ করায় পিএসসিকে ধন্যবাদ জানান। তিনি আশা করেন চাকরি প্রার্থীদের দুর্ভোগ লাঘবে আগামীতে পরীক্ষা কেন্দ্র বিকেন্দ্রীকরণের প্রক্রিয়া আরও জোরদার হবে।