
নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ ৪ মাদকবিক্রেতাকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অপর মাদকবিক্রেতারা হলেন- মো. কবির কবীর, মো. মোস্তাফিজর রহমান রাজন ও মো. মাহবুব হোসেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যায় গ্রেফতারদের মাদক মামলায় আদালতে সোপর্দ করে ত্রিশাল থানা পুলিশ। এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকবিরোধী অভিযানে বুধবার রাতে উপজেলা নওধার এলাকার রাসেলের টং দোকানের পেছন থেকে হেরোইন বিক্রির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৮ পুরিয়া হেরোইন পাওয়া যায়। পরে আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়।