
নিউজ ডেস্কঃ অস্থায়ী কাঁচাবাজারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক টনের বেশি মাছ জব্দ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (০৩ মার্চ) ধানমন্ডির (৫/এ) সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে রাস্তার ওপরে স্থাপিত অস্থায়ী কাঁচাবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মলা, কোরাল, ইলিশ, চিংড়ি, রুই, শৌল, বোয়াল, আইড়সহ প্রায় ২০ প্রজাতির এক হাজার ৪১ কেজি মাছ, ১৪ হালি মুরগি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।
জব্দ করা মাছ ও মুরগি আজিমপুরের স্যার সলিমুল্লাহ এতিমখানা প্রাঙ্গণে এনে তা সাতটি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ফলমূলসহ জব্দ করা সরঞ্জাম স্পট নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়। এছাড়াও এদিন বিকেলে খিলগাঁও আইডিয়াল স্কুল, তালতলা চৌধুরীপাড়া সড়ক, জনতা ফার্মেসি সংলগ্ন ফুটপাত, খিলগাঁও তিলপাপাড়া, খিলগাঁও রেলগেইট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর সংলগ্ন ফুটপাতের উভয় দিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।