
নিউজ ডেস্কঃ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যদি কোনো ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করে তাদের কঠোরভাবে প্রতিহত করতে যুবলীগ নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। শনিবার (০৫ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বিএনপি-জামায়াত চক্রের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ নির্দেশ দেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। যা জিরো পয়েন্টসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
যুবলীগের চেয়ারম্যান পরশ বলেন, বিএনপি জানে, তাদের দুর্নীতি, দুঃশাসন আর জনবিচ্ছিন্নতার কারণে মানুষ তাদের ভোট দেবে না। বিএনপি মধ্যযুগীয় কায়দায় জীবন্ত মানুষ পুড়িয়ে মেরেছে। অগ্নিদগ্ধদের কষ্টের কথা, অগ্নিসন্ত্রাসে স্বজন হারানো মানুষের কান্না কি দেশের জনগণ ভুলে গেছে? ওই নারকীয় অগ্নিসন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি। আর সে কারণেই তারা নির্বাচনে যেতে চায় না। এর ফলে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে বিএনপি। তারা দেশের বিভিন্ন স্থানে ইতোমধ্যেই কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি করছে। দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সরকারের ওপরে। কিন্তু মুক্তিযুদ্ধে জয়ী, মুক্তিকামী বাঙালি তাদের এই অশুভ তৎপরতাকে নস্যাৎ করবে।