
নিউজ ডেস্কঃ আওয়ামীলীগ সরকার গত ১৩ বছরে দেশের চিত্রই পাল্টে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। শনিবার (৫ মার্চ) বিকেলে রাজশাহীর নওহাটা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পবা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০২২ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আওয়ামীলীগ মানেই উন্নয়ন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন, মানুষের পকেটে বাড়তি অর্থ, ছেলেমেয়েকে নিয়ে ভালো খাওয়া, ভালো কাপড় পরা, দেশের মানুষের মুখে হাসি, আওয়ামীলীগ মানেই বছরের ১ম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই, আওয়ামীলীগ মানেই চিকিৎসাকেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা পাওয়া, কিছু পাওয়া। আওয়ামীলীগ সরকার গত ১৩ বছরে দেশের চিত্রই পাল্টে দিয়েছে। তাই আগামী সংসদ নির্বাচনেও আওয়ামীলীগে বিপুল ভোটে জয়লাভ করবে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে চায়।’ মেয়র লিটন বলেন, ‘বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান। দৃশ্যমান হয়েছে পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র, এলএনজি টার্মিনাল, কয়লাভিত্তিক রামপাল থার্মাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর ইত্যাদি। আওয়ামী লীগ সরকার গত ১৩ বছরে দেশের চিত্রই পাল্টে গেছে। বাংলাদেশকে দেখে এখন আপসোস করছে পাকিস্তান।’