
নিউজ ডেস্কঃ শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আওয়ামী লীগ ঐক্যের রাজনীতি করে মাইনাসের রাজনীতি করে না। জননেত্রী শেখ হাসিনার রাজনীতি উন্নয়ন ও গণমানুষের। শনিবার (০৫ মার্চ) দুপুরে নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আজকে শিক্ষা থেকে স্বাস্থ্যসহ প্রতিটি জায়গায় আওয়ামী লীগ সুনামের সঙ্গে কাজ করছে। করোনাকালে যেখানে সারাবিশ্বের টালমাতাল অর্থনীতি সেখানে আমরা জীবন ও জীবিকাকে নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা জনগণের কাছে যে অঙ্গীকার করেছিলাম তা প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রতিটি ক্ষেত্রে সফল হয়েছি। আমরা যদি সুশৃঙ্খল থাকি, ঐক্যবদ্ধ থাকি আগামীতে যেকোনো নির্বাচনে আমরা বিজয়ী হবো। কারণ আমরা প্রধানমন্ত্রীর উন্নয়নের ফলে মানুষের ভোট পাওনা হয়ে গেছি। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাদের মধ্যে কোনো ব্যবধান নেই, কোনো বিভেদ নেই। দলে বিভাজন থাকতেই পারে। নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু কোনো প্রতিহিংসা থাকবে না। আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করে নিতে হবে। আমি মাইনাসের রাজনীতি করি না, প্লাসের রাজনীতি করি। অতীতের ভুল বুজে যারা ঐক্যবদ্ধ হতে চায়, তারা দলের প্রতি যদি আন্তরিক থাকে তাহলে দলের মধ্যে কোনো বিভাজন থাকবে না। আমাদের সবাই মিলে দলকে সুশৃঙ্খল করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তুলবো।