
নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সি এম তোফায়েল সামি ছিলেন একজন সত্যিকারের পরোপকারী মানুষ। তিনি সবসময় জনকল্যাণে নিবেদিত ছিলেন। শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে মরহুম সি এম তোফায়েল সামীর স্মরণে সিলেট রত্ন ফাউন্ডেশন আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন এ কথা বলেন।
সিলেট রত্ন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যাংকার ও সমাজসেবক সি এম তোফায়েল সামীর স্মৃতিচারণ করতে গিয়ে ড. মোমেন বলেন, সি এম তোফায়েল সামী সবসময় জনগণের কল্যাণ চেয়েছিলেন। তিনি বিভিন্ন দপ্তরে যত তদবির করেছেন সব মানুষের কল্যাণে করেছেন, নিজের জন্য কখনই করেননি। ড. মোমেন বলেন, তিনি ছিলেন আমাদের সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র। যেখানে মানুষের কল্যাণের জন্য কাজের প্রয়োজন হতো তিনি সেখানেই ছুটে যেতেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সি এম তোফায়েল সামী মৃত্যুতে আমরা একজন দেশপ্রেমিক ও পরোপকারী মানুষকে হারিয়েছি। সিলেটের উন্নয়নে তাঁর অবদান সিলেটবাসী সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করবে।