
নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি এ কে এম শামীম ওসমান বলেছেন, রাজনীতিতে এখন তৈলমর্দন বেড়ে গেছে। কিন্তু সেদিন শেখ হাসিনা ও শেখ রেহানা থাকার জায়গা পাননি। তিনি বলেন, আমি যেদিকে তাকাই সেদিকেই দেখি সবাই আওয়ামী লীগ। অনেকের ইনকাম ট্যাক্সের ফাইলে দশ লাখ টাকাও নেই, কিন্তু কোটি কোটি টাকার সম্পদ। শনিবার (৫ মার্চ) নারায়ণগঞ্জ জেলা পরিষদের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন শামীম ওসমান।
তিনি বলেন, পঁচাত্তরের আগে আমার বাবা এমপি ছিলেন। আমরা তিন পুরুষ ধরে এমপি, ক্ষমতার উত্থান ও পতন দেখেছি। বঙ্গবন্ধু হত্যার পরে আমার ভাই নাসিম ওসমান প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন।
শামীম ওসমান বলেন, রাজনীতিবিদদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমি জানি না এ পরীক্ষা দিতে গিয়ে বাঁচব কিনা। রাজনীতির মাঠে যার জন্ম, সে আমার বিপক্ষে হলেও আমি তাকে সম্মান করি। তবে উপর থেকে যারা পড়ে আমি জানি তাদের শেকড় নেই। আজকে এই ফুলের টব আমার ঘরে আছে, কাল অন্য কারও ঘরে গিয়ে শোভাবর্ধন করতে পারে। ইতিহাসে আমরা এটাই দেখেছি, ইতিহাস নির্মম।