
নিউজ ডেস্কঃ বিশ্বের সব দেশেই জিনিসপত্রের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে বলে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে গেলে তার একটা প্রভাব দেশের বাজারেও পড়ে। বাজার তদারকির ব্যবস্থা করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সোমবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের রিজার্ভ বাড়ছে। বড় কথা আমাদের কারো কাছে হাত পাততে হচ্ছে না। আমাদের সব পরিকল্পনা নিজেদের অর্থায়নেই বাস্তবায়ন করছি। যেখানে হাত পাততে হতো সব ক্ষেত্রে, এখন আর বাংলাদেশকে হাত পাততে হয় না—এটাই বাস্তবতা। আমরা নিজেরাই পারিম এটাই হচ্ছে আমাদের একমাত্র অর্জন। অর্থনৈতিক মুক্তির কথা জাতির পিতা বলে গেছেন, অন্তত কিছুটা হলেও অর্জন করে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আজ আমরা প্রকৃতিক দুর্যোগ এলেও সেটা মোকাবিলা করতে পারি। যে কোনো দুর্যোগ আমরা মোকাবিলা করতে পারি, করোনার সময় এটা আমরা প্রমাণ করেছি। অনেক ধনী দেশ বিনাপয়সায় ভ্যাকসিন দেয়নি, কিন্তু আমরা দিচ্ছি।