
নিউজ ডেস্কঃ তথ্যমন্ত্রী মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোটার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারাবন্দি দিবস উপলক্ষে আলোচনা সভায় এ কথা বলেন তিনি। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। বিরোধীদলকে মাঠ ধরে রাখতে হবে প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ইয়াকুবের বেটা বেকুব এই সিইসি।
বিরোধীদল মাঠ ধরে থাকবে কীভাবে? মাঠ তো সমান থাকবে, স্বচ্ছ থাকবে—সেটা নিশ্চিত করার দায়িত্ব সরকার এবং তার নির্বাচন কমিশনের। কিন্তু এই লুটেরা, ডাকাত সরকারের আমলে কি মাঠ সমান থাকবে? সেটা কি আপনি জানেন না? তথ্যমন্ত্রী মানুষের দারিদ্র্য নিয়ে আর সিইসি জনগণের ভোট নিয়ে উপহাস করছেন। সিইসি বিরোধীদলকে উস্কানি দিচ্ছেন যে, তোমরাও সন্ত্রাস করো। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনি তো বিনাভোটের মন্ত্রী। আপনি তো গ্রামে যান না। আপনি তো হাটবাজারে যান না। আপনি তো রেললাইনের ধারে যান না। আপনি প্লেনে, প্লেনে উড়ে বেড়ান। দামি গাড়িতে করে বাড়ি যান। কড়াইল বস্তিতে তারাবানু কীভাবে জীবনযাপন করছে সেটি আপনার চোখে পড়ে না। আপনি মানুষের দারিদ্র নিয়ে উপহাস করছেন।