
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবুধাবি বিমানবন্দরে তাকে স্ট্যাটিক গার্ড অব অনার দেওয়া হয়। সোমবার (৭ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যান।
এর আগে সোমবার (৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হন শেখ হাসিনা। আমিরাতে অবস্থানকালে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তার এই সফরে আমিরাতের সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে। প্রধানমন্ত্রীর এই সফরে আমিরাতে জনশক্তি পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি জাহাজ চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।