
নিউজ ডেস্কঃ অনেক বড় বড় দেশের ক্রুরা সেখানে আটকা আছেন। তারা এখন পর্যন্ত উদ্ধার হয়নি। আমাদের বাংলাদেশ খুব ছোট দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমাদের কূটনৈতিকরা অনেক পরিশ্রম ও চেষ্টা করে আমাদেরকে দেশে ফিরিয়ে এনেছেন। বুধবার (০৯ মার্চ) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের কথাগুলো বলছিলেন রুশ সেনা অভিযানের মুখে ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে আটকে পড়া ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের মাস্টার জি এম নূরে আলম। ওই জাহাজটিতে তিনিসহ মোট ২৯ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মৃত্যু হয়।
ফিরে আসা এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের মাস্টার জি এম নূরে আলম বলেন, আমরা সকলেই আনন্দিত সুস্থভাবে দেশ ফিরতে পেরেছি। এজন্য প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট দিক নির্দেশনায় নৌ পরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ শিপিং করপোরেশনের ও পোল্যান্ড, রোমানিয়ায়, অস্ট্রিয়ার দূতাবাস কঠোর পরিশ্রম করেন। আমরা এত দ্রুত দেশে ফিরতে পারবো কিনা তা ছিল আমাদের জন্য অকল্পনীয়। তিনি বলেন, অত্যন্ত গভীর সমবেদনা জানাচ্ছি আমাদের কলিগ ও থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুরের মৃত্যুতে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। আমরা তার মরদেহ হিমঘরে রেখে এসেছি।