
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ মার্চ) রাতে আবুধাবি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফরকালীন আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা অনেকগুলো সমঝোতা স্মারক সই করেছি। আমাদের প্রবাসীদের ভাইয়ের সুবিধার পাশাপাশি আমাদের দেশে বিনিয়োগ যাতে আসে সেই ব্যবস্থাও নিয়েছি। অর্থনৈতিক সম্পর্ক যাতে আরও বলিষ্ঠ হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আমি মনে করি আমার এ সফরটা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে গত সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় ৫ দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।