
নিউজ ডেস্কঃ বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের সংসদ সদস্য শেখ তন্ময় বলেছেন, বিএনপি-জামায়াত কখনও মানুষের কাছে আসতে পারেনি। জনবিচ্ছিন্ন একটি দল বা সংগঠন তারা। তাদের রাজনীতি হচ্ছে অফিস কেন্দ্রিক। ঢাকায় বিভিন্ন দেশের অ্যাম্বাসি রয়েছে, সেখানে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করাই তাদের কাজ। ষড়যন্ত্র ও দেশের ক্ষতি করার জন্য তারা ঐক্যবদ্ধ। এ দেশের মানুষকে তারা শান্তিতে থাকতে দেবে না। স্বাধীনতাবিরোধী যেসব পরাজিত শক্তি রয়েছে, তাদের নিয়ে বিএনপির সব কার্যক্রম। এজন্য তারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে আওয়ামী লীগের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে দেশ উন্নত হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শুক্রবার (১১ মার্চ) বিকেলে বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ তন্ময় এসব কথা বলেন। তিনি বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন অনেক বড় অপরাধ। এসব বিষয়ে অপরাধীর দলমত বিবেচনা করা হবে না। ধর্ষকের বিচার হবেই। এমনকি আমার পাশেও দাঁড়ানো কোনো ব্যক্তিও যদি অন্যায় করেন, তাকেও ছাড় দেওয়া হবে না। আমার একমাত্র চাওয়া বাগেরহাটের মানুষ শান্তিতে ঘুমাবে। এখন অপরাধ আগের থেকে অনেক কমেছে, আশা করি ভবিষ্যতে বাগেরহাট হবে অপরাধমুক্ত।