
নিউজ ডেস্কঃ পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এরকম হচ্ছে। তারাও দিনকে রাত, রাতকে দিন করছেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সোমবার (১৪ মার্চ) দুপুরে জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ছয় দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, সরকার আপনাদের বেতন বাড়িয়েছে, যাতায়াতের জন্য উন্নতমানের গাড়ি পেয়েছেন। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযতভাবে পালন করতে হবে। এক শ্রেণির কর্মকর্তাদের কারণে অন্যায়ভাবে হয়রানি হচ্ছেন জনসাধারণ। মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে। এখন দেশে কোনো মানুষ না খেয়ে থাকে না। দ্রুত নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্য নিয়ন্ত্রণে আসবে। এজন্য একটু ধৈর্য ধরতে হবে। সরকার সে লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরো এগিয়ে যাবে।