
নিউজ ডেস্কঃ উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে প্রথম বারের মতো বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও উজবেকিস্তানের পক্ষে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ফুরকাত আহমেদোভিচ সিদ্দিকভ নেতৃত্ব দেন। সোমবার (১৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বৈঠকে পররাষ্ট্র সচিব উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বর্তমান আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যৌথ ও অংশীদারিত্বমূলক বিনিয়োগের ওপর জোর দেন।
উজবেকিস্তানের গ্যাস ব্যবহার করে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, আরএমজি প্রভৃতি ক্ষেত্রে যৌথ বিনিয়োগের মাধ্যমে শিল্প ও কারখানা স্থাপনের উপরও গুরুত্ব আরোপ করেন তিনি। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল, দ্বৈতকর পরিহার, সাংস্কৃতিক বিনিময়, ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের ৩০ দিনের ফ্রি ভিসা চালু, দু’দেশের মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা ওয়েভার চুক্তি, শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সফর বিনিময়সহ নিয়মিত ফরেন অফিস কনসালটেশন বৈঠক আয়োজন এবং প্রস্তাবিত খসড়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো দ্রুত স্বাক্ষরের জন্য উজবেক পক্ষকে তাগিদ দেন। এসময় পররাষ্ট্র সচিব ঢাকায় দূতাবাস স্থাপনের বিষয়েও উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেন।