
নিউজ ডেস্কঃ রেলওয়ে ক্যাটারিং ও অনবোর্ড সার্ভিস প্রোভাইডারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীসেবা নিশ্চিতকে গুরুত্ব দিয়ে এ কর্মশালা হয়। অনুষ্ঠানে অনবোর্ড ও ক্যাটারিং সার্ভিসে কর্মরত কর্মচারী-কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা, আচার-আচরণ এবং অগ্নিনির্বাপকের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় প্রশিক্ষকরা বলেন, যাত্রী সুবিধা নিশ্চিত করতে মাঠে রয়েছে রেলওয়ে প্রশাসন। সাধারণ যাত্রীদের সেবার মান অতীতের তুলনায় পরির্বতনের প্রয়াসে আরো বেশি কাজ করছে রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ও পূর্বাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্য কর্মকর্তা (সিসিএম) মো. নাজমুল ইসলাম বলেন, একজন যাত্রীর সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে। টিকিট দেখে নির্দিষ্ট কোচ ও সিটে পৌঁছে দেওয়া, লাগেজ উঠিয়ে দেওয়া, চলন্ত ট্রেনের অভ্যন্তরে যাত্রীদের প্রয়োজন ও নিরাপত্তা নিশ্চিত করা, চাহিদা অনুযায়ী মানসম্মত খাবার পরিবেশনে নজর দিতে হবে।