
নিউজ ডেস্কঃ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, রমজান ও ঈদের পরেই আমরা রাজনীতিতে নামবো। করোনার সময় আমরা আড়াই বছর সাংগঠনিক কোনো কাজ করতে পারিনি। করোনার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এবার দলীয় কার্যক্রম সক্রিয় করবো। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে শহরের নিজের প্রতিষ্ঠিত সোনার বাংলা মিলনায়তনে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা যখন ক্ষমতায় থাকে তারা যেমন মধু খান, আবার তাদের একেক সময় বিষও খেতে হয়। এটা নিয়ে আমাদের মাতামিত না করাটায় ভালো। কারো সমালোচনা না করে মানুষকে সম্মান দিতে শিখতে হবে। তাহলেও সম্মান পাওয়া যাবে। তিনি আরও বলেন, আজ আমি আওয়ামী লীগকে কিছু বলতে আসিনি। বলতে চাইও না। যে সরকার ক্ষমতা আসুক না কেন তাদের সবসময় ভাবতে হবে, তাদের ভাবতে হবে সরকার থেকে কখন চলে যাবো। মানুষের মৃত্যু যেমন অবধারিত, সরকার থেকে একদিন চলে যেতে হবে সেটাও অবধারিত। মানুষকে কিছু দিতে না পারলেও মানুষকে অন্তত সম্মান দিতে হবে। তাহলেই মানুষ খুশি হবে। তবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার সেটা দেখানোর জন্য নয়। নাটক করার জন্য নয়।