
নিউজ ডেস্কঃ সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার বলফিল্ড মোড় এলাকায় বাস উল্টে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৮ মার্চ) সাতক্ষীরা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সাতক্ষীরা জেলার আশাশুনির সইতপুর গ্রামের মোহাম্মদ আলী ও তার স্ত্রী ঝর্ণা খাতুন, কালিগঞ্জের রতনপুর গ্রামের শারমিন বেগম ও মিঠু শেখ, সদর উপজেলার তুজুলপুর গ্রামের তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী রানী বেগম, বৈকারী এলাকার আমজাদ হোসেন, মান্নাফ শেখ ও বাসের হেলপার আসলাম আলীর নাম জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বলফিল্ড মোড়ের ওষুধ ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, খুলনা থেকে সাতক্ষীরায় আসছিল যাত্রীবাহী বাসটি। পথে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এসে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।