
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন জানিয়েছেন, বাংলাদেশে দক্ষিণ কোরিয়া আরও বিনিয়োগ বাড়াতে চায়। আগামী দিনে এখানে কোরিয়ার বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করেন তিনি। শনিবার (১৯ মার্চ) নরসিংদীতে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান কোরিয়ার রাষ্ট্রদূদ। নরসিংদীতে স্যামসাং ফেয়ার ইলেকট্রনিক্স ফ্যাক্টরি পরিদর্শন করেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনস, বাংলাদেশ (ডিকাব) এর সদস্যরা। কারখানা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে লি জ্যাং কিউন বলেন, বাংলাদেশে এক দশমিক তিন বিলিয়ন ডলারের বিনিয়োগ করেছে কোরিয়া। আমরা এর পরিমাণ দুই বিলিয়নে উন্নীত করতে চাই। এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে কোরিয়ার কোম্পানিগুলো বিনিয়োগ ও বাণিজ্যে কাস্টম ক্লিয়ারেন্স ও ট্যাক্সের সমস্যার মুখোমুখি হচ্ছে। এ দুটি বিষয় আরও সহজ করার দাগিদ দেন তিনি।